নিউজ ডেস্ক :
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি ঢাকা ছাড়বেন। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী।
টোকিওতে ২৯ ও ৩০ মে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। সফরে তিনি জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব দেবেন, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এই সফরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। পাশাপাশি ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। সামরিক সহযোগিতা এ সফরে অগ্রাধিকার পাবে না বলে জানান পররাষ্ট্রসচিব।
এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ ও জাপানের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসবে।
ড. ইউনূস এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক, কপ-২৯ সম্মেলনে অংশ নিতে আজারবাইজান, ডি-৮ সম্মেলনের জন্য মিশর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে দাভোস এবং সরকারি সফরে চীন, থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সিটি সফর করেছেন। এবার তার পরবর্তী গন্তব্য জাপান।