নিউজ ডেস্ক :
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “প্রফেসর ড. ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা ও গর্বের প্রতীক।” তিনি বলেন, “আমরা তার পদত্যাগ চাই না। তবে তিনি যদি স্বেচ্ছায় সরে যাওয়ার কথা বলেন, তা হতাশাজনক।”
শুক্রবার (২৩ মে) অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক সমাবেশে ফারুক এসব কথা বলেন। তিনি জানান, সংবাদপত্রে তিনি ড. ইউনূসের পদত্যাগের ইঙ্গিতসংবলিত একটি মন্তব্য পড়ে বিস্মিত হয়েছেন। যদিও এর সত্যতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন, তবে এমন খবর মন খারাপের কারণ বলে উল্লেখ করেন।
ফারুক বলেন, “আপনাকে দায়িত্ব দিয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচনের পথ দেখাতে। কিন্তু ৯ মাসেও সে রোডম্যাপ আমরা দেখিনি। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, অথচ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠীর প্রভাব ও পরিকল্পনার কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এ পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে তিন উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি বাংলাদেশের গর্ব, বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আপনাকে নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত আপত্তি নেই, কিন্তু জাতির প্রত্যাশা পূরণ না হলে প্রশ্ন উঠবেই।”
