নিউজ ডেস্ক :
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার সিলেবাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৮তম বিশেষ বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে জনবল নিয়োগে এই নতুন সিলেবাস ব্যবহার করা হবে। বুধবার (২১ মে) সিলেবাসটি চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলি—এই চারটি বিষয়ে ২০ নম্বর করে প্রশ্ন থাকবে। পাশাপাশি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশে থাকবে ১০ নম্বর করে, সব মিলিয়ে মোট নম্বর দাঁড়াবে ১০০।
স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষায় বিশেষায়িত কাঠামো রাখা হয়েছে। মেডিকেল সায়েন্সের অংশে প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল বিষয়ে ৫০ নম্বর এবং ক্লিনিক্যাল অংশে আরও ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। ডেন্টাল সায়েন্সের পরীক্ষায় অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং ওরাল সার্জারি ও অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
সিলেবাস বিশ্লেষণে দেখা যায়, বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি অংশে খুব একটা পরিবর্তন না থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে বেশ কিছু সংযোজন হয়েছে। জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান’ এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব এইবারের সিলেবাসে যুক্ত করা হয়েছে। পাশাপাশি, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণাসহ কিছু ঐতিহাসিক অনুষঙ্গকে আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক অংশে এবার বাংলাদেশের সিভিল সার্ভিসের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার কয়েকটি দেশের সিভিল সার্ভিস ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিএসসি সদস্য জানান, বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থানের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতেও এই অংশটি সিলেবাসে গুরুত্ব পাবে।
পিএসসি সূত্রে জানা গেছে, বিশেষ বিসিএসগুলো দ্রুত শেষ করার প্রচলন অনুযায়ী, চলতি বছরের মধ্যেই ৪৮তম বিসিএসের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। জুনে বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হলে ছয় মাসের মধ্যে নিয়োগ সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি হচ্ছে।
এদিকে, গত মাসেই পিএসসি জানিয়েছিল, বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ চলছে এবং ৪৯তম বিসিএস থেকে নতুন কাঠামো বাস্তবায়ন হতে পারে। এই ধারাবাহিকতায় ৪৮তম বিশেষ বিসিএসকে পরীক্ষামূলক মডেল হিসেবে দেখা হচ্ছে।
