নিউজ ডেস্ক :
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হালনাগাদ প্রতিবেদন গ্রহণ করা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। গুরুত্বপূর্ণ এ বৈঠকে সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
