নিউজ ডেস্ক :
আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের সকল নাগরিককে রাজনৈতিক মতের পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বহু মানুষ ত্যাগ স্বীকার করেছেন। এখন সময় এসেছে একটি সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।
রোববার (১৮ মে) লন্ডনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
তারেক রহমান বলেন, শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার বিকাশেও পরিকল্পনা নিতে হবে, যাতে বিশ্ববাসী বাংলাদেশকে ক্রীড়াক্ষেত্রেও চিনতে পারে। তিনি জানান, সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।
ভবিষ্যতের ক্রীড়াঙ্গনের জন্য মেধাবী তরুণদের খুঁজে বের করতে ‘ট্যালেন্ট হান্ট’ কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান মনে করেন, শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা একটি জাতিকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে বলেও মন্তব্য করেন তিনি।
