নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (১৮ মে) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ।
প্রায় আধা ঘণ্টাব্যাপী আলোচনায় উপদেষ্টার কাছে মামলার অগ্রগতি এবং বিচার কার্যক্রমে সরকারি সহায়তার দাবি জানানো হয়। বৈঠক শেষে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই.ই.আর)-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম জানান, সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের বিষয়ে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি দলের বরাতে আরও জানা যায়, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার চালানোর বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছে আইন মন্ত্রণালয়।
এদিকে, নিহত সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান বলেন, “ছুরি চালিয়ে যে হত্যা করেছে, তাকে শনাক্ত ও গ্রেফতার করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।” হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
