নিউজ ডেস্ক :
চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সংযুক্ত বহুল প্রতীক্ষিত সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে ব্যতিক্রমী এক সিদ্ধান্তে ভিত্তিপ্রস্তরের ফলকে রাখা হয়নি তার নাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নামবিহীন ফলকটি তৈরি করে। ব্যক্তিগত প্রচার এড়িয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এমন দৃষ্টান্ত গড়ে প্রশংসিত হচ্ছেন ড. ইউনূস।
বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউস প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে ফলকে তার নাম অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ইতিবাচক আলোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেন, নিজের নাম তুলে রেখে প্রকল্পকেন্দ্রিক উদ্ভাবন, জনস্বার্থ ও ঐতিহ্যকে প্রাধান্য দেওয়ার এমন দৃষ্টান্ত অনুকরণীয়। কেউ কেউ রাজনীতিবিদদেরও এ অনুশীলন থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে বোয়ালখালীর বাসিন্দারা উপস্থিত, যাদের কাছে এই সেতু বহুদিনের স্বপ্ন। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।”
সেতুটি নির্মাণ সম্পন্ন করে ২০৩০ সালের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
