নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে কিছু আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে যে বিভ্রান্তি ও প্রশ্ন উঠেছে, তার দায় সংশ্লিষ্ট পক্ষগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এসব ইস্যুতে দলটিকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য বলেও বিবৃতি দিয়েছে তারা।
সোমবার (১২ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যায় সহায়তা করেছে, তাদের রাজনৈতিক অবস্থান আজও জাতির সামনে অস্পষ্ট। এই প্রশ্নে স্বচ্ছতা প্রতিষ্ঠা জরুরি।
আওয়ামী শাসনামলে দমন-পীড়নের শিকার হয়ে দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণে যারা অংশ নিয়েছে, ‘চব্বিশের অভ্যুত্থানে’ যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তাদের নতুন বাংলাদেশের নির্মাণে বাংলাদেশপন্থি অবস্থান ধরে রাখতে হবে বলেও মনে করে এনসিপি।
বিবৃতিতে আরও বলা হয়, কেবলমাত্র বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতেই মুজিববাদের একক আধিপত্য ভেঙে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
