জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। লাইনঝিরি এলাকায় শুক্রবার ভোরে সংঘটিত এ ঘটনায় মুখোশধারী ১৭ থেকে ২০ জনের একটি ডাকাতদল কোম্পানির হিসাব রক্ষকসহ কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বেধড়ক মারধরের শিকার হন হিসাব রক্ষক মো. জহিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তা শরীফ উদ্দিন ফরাজী ও সাইমন হোসেন জানান, ডাকাত দল দুটি ভাগে বিভক্ত হয়ে হামলা চালায়। একটি দল রুমে থাকা সাতজন কর্মীকে চোখ-মুখ বেঁধে ফেলে এবং অন্য দলটি পাশের কক্ষে ঘুমন্ত প্রায় ২০ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। টাকা কোথায় রাখা হয়েছে তা জানতে চেয়ে এক পর্যায়ে তারা জহিরুল ইসলামকে মারধর করে।
জোন ইনচার্জ আব্দুর রব জানান, তামাক চাষীদের নগদ অর্থ পরিশোধের জন্য ক্যাশে ৫ কোটি ৫১ লক্ষ টাকা মজুদ রাখা হয়েছিল। এর মধ্যে আলমারিতে রাখা ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা ডাকাত দল নিয়ে যায়। ভোল্টে থাকা আরও ৩ কোটি ৮০ লক্ষ টাকা নেওয়ার চেষ্টা চালালেও ভোল্ট লক হয়ে যাওয়ায় তা রক্ষা পায়।
ঘটনার খবর পেয়ে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এবং লামা থানার ওসি মো. তোফাজ্জ্বল হোসেন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোল্ট ভেঙে বাকি টাকা নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ওসি তোফাজ্জ্বল হোসেন জানিয়েছেন, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ছাড়া তিনি উল্লেখ করেন, এত বিপুল পরিমাণ নগদ অর্থ অফিসে সংরক্ষণ করাটা মোটেই গ্রহণযোগ্য নয়। তদন্তের পাশাপাশি লুট হওয়া অর্থ উদ্ধারে চেষ্টা চলছে।