নিউজ ডেস্ক :
আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, নতুন আইনে আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। ফলে পূর্ববর্তী আইনের আওতায় হওয়া মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পাশাপাশি, এই আইনে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি ধরা হয়েছে দুই বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে।
এছাড়া, সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত রায় পাওয়া সম্ভব হবে।
নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো কোনো সরকারি সিদ্ধান্ত নয়। এ বিষয়ে মতবিরোধ থাকতে পারে, তবে মতপ্রকাশে সহনশীলতা ও শালীনতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।