জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গল থেকে চিংমা খিয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি তিন্দু ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মংখ্যং পাড়ার বাসিন্দা এবং সন খিয়াংয়ের স্ত্রী। নিহতের শরীরে রক্তাক্ত চিহ্ন এবং ঘটনাস্থলের চারপাশে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ দেখে এলাকাবাসীর ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সকালে চিংমা খিয়াং জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যান। এরপর দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পাড়ার মানুষ সন্ধ্যার পর তাকে খুঁজতে বের হয়। সোমবার (৫ মে) বিকেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ি পথের পাশে টেনে নেওয়ার স্পষ্ট চিহ্ন দেখে অনুসরণ করতে গিয়ে এক নির্জন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা। এরপর থানচি থানা পুলিশকে খবর দেওয়া হয়।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়নি। তিনি খবর পেয়ে পুলিশকে অবহিত করেন এবং নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, “একজন নারী নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।” ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
