নারী অধিকার সংস্কার কমিটি বাতিলের দাবি জামায়াত আমিরের

নিউজ ডেস্ক :

নারী অধিকার সংক্রান্ত কিছু সংস্কার সুপারিশের তীব্র বিরোধিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআনের বিরোধী কোনো প্রস্তাব জনগণ মেনে নেবে না। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমীর সম্মেলনে তিনি বলেন, এসব সুপারিশ গ্রহণযোগ্য নয় এবং তা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এজন্য তিনি নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান।

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়ায় আন্তরিকতা থাকলে সরকারঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। জলবায়ু ও পরিবেশগত দিক বিবেচনায় জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই তা এপ্রিলের পর যেন না যায়।

জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতিকে বিভক্ত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে জামায়াত। সরকারের গঠনমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিলেও তিনি হুঁশিয়ার করেন, জনবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিরোধ করা হবে।