নিউজ ডেস্ক :
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন।
রোমে পৌঁছানোর পর ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানান। সেখানে পৌঁছানোর পরই স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় তিনি সেন্ট পিটার স্কয়ারে যান এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার স্কয়ারে আয়োজিত শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। সোমবার ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
