নিউজ ডেস্ক :
রাজনৈতিক পরিসরে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জনতা পার্টি বাংলাদেশ’। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ও দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে জড়িত ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে দলটির পথচলা শুরু হয়েছে। দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলের নাম ও কাঠামো ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্বয়ং ইলিয়াস কাঞ্চন। প্রায় তিন দশক ধরে সড়ক নিরাপত্তা ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই অভিনেতা ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
নতুন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
উল্লেখযোগ্য যে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক মঞ্চে এখন পর্যন্ত প্রায় দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যা বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দেয়।
