নিউজ ডেস্ক :
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাই ও বাস্তবায়নের পথ নির্ধারণে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ তাঁর হাতে প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন গ্রহণের পর উপদেষ্টা জানান, কমিশনের সুপারিশ বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তবে কতদিনের মধ্যে কার্যক্রম শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চাননি তিনি।
কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমিক এখনো আইনি সুরক্ষার বাইরে রয়ে গেছে। এ অবস্থায় তাঁদের অন্তত ন্যূনতম আইনগত নিরাপত্তার আওতায় আনা জরুরি বলে মত দেন তিনি। এছাড়া আগামীকাল কক্সবাজার থেকে মহেশখালীগামী সি-ট্রাক সার্ভিস চালু হতে যাচ্ছে বলেও জানান শ্রম উপদেষ্টা।
