নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বুধবার এই রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি, প্রধান উপদেষ্টা পদে থাকাকালীন ওই মামলাটি দ্রুত প্রত্যাহারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিকে যথাযথ না বলেও মন্তব্য করেন আদালত।
২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এই অভিযোগ গঠন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ১১ জুলাই শুনানি শেষে ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস, যার প্রেক্ষিতে মামলাটি বাতিল হলো।
