নিউজ ডেস্ক :
বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেবে কাতার। আর্থনা সামিট উপলক্ষে দোহার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বাংলাদেশি সেনাসদস্যদের প্রতি তিন বছর অন্তর নিয়োগ দিতে চায় কাতার সরকার।
এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি সেনাবাহিনী সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। সেই অভিজ্ঞতার আলোকে কাতারও নিয়মিতভাবে বাংলাদেশ থেকে দক্ষ সেনাসদস্য নিতে আগ্রহী। প্রাথমিকভাবে ৭২৫ জন সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত হলেও ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর উদ্যোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যেই নির্ধারিত সেনাসদস্যদের কাতারে পাঠানো সম্ভব হবে।
প্রসঙ্গত, আর্থনা শীর্ষ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে।
