নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রীর বর্তমান ক্ষমতা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, অর্থবিল, আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের মতো বিষয় ছাড়া অন্য সব ক্ষেত্রেই সংসদ সদস্যরা নিজস্ব মতামত প্রকাশে স্বাধীন হবেন।
রোববার (২০ এপ্রিল) ঐক্যমত কমিশনের সঙ্গে চলমান সংলাপের এক পর্যায়ে বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই প্রস্তাবকে দলটি সমর্থন করছে না। বিষয়টি দলের ওপর নির্ভর করে নির্ধারণ করার মত দিয়েছেন তিনি। সংসদ নেতা নির্বাচনের বিষয়টি সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের উপর নির্ভর করা উচিত বলেও মত দেন।
বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণায় একমত প্রকাশ করে উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ করার প্রস্তাব দিয়েছে। তবে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি সংসদে এই বিধান পাস হওয়ার পর আলোচনার বিষয় হওয়া উচিত বলে তারা মনে করে।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করেছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ জানান, এনসিসিকে অতিরিক্ত ক্ষমতা দিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে দলটি।
কেয়ারটেকার সরকার পুনর্বহালের বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়ে বিএনপি বলেছে, এর মেয়াদ ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। একই সঙ্গে, একজন ব্যক্তি যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—এই প্রস্তাবও দিয়েছে দলটি।
