২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, অর্থনীতিতে প্রভাব পড়বে না: প্রধান উপদেষ্টার সহকারী

নিউজ ডেস্ক :

বাংলাদেশ ২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এই উত্তরণ দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুজ্জামান চৌধুরী জানান, এলডিসি তালিকা থেকে বের হলেও বাংলাদেশ আগের মতোই নানা সুবিধা পেতে থাকবে। এর আগেও বাংলাদেশের চেয়ে কম উন্নত অনেক দেশ এই তালিকা থেকে বেরিয়ে গেছে। তাই আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুশাসনের অভাব। এ সময় তিনি ‘সুবিধা পাওয়ার’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘সুবিধা তৈরি’র দিকে নজর দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে কী পাওয়া যাবে— এমন প্রশ্নকে তিনি অবান্তর বলেও মন্তব্য করেন।