নববর্ষ ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা, সাইবার নজরদারিও জোরদার: র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক :

বাংলা নববর্ষকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূল এলাকায় নববর্ষের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বৈশাখী উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সঙ্গে সমন্বয় করে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে মোটরসাইকেল ও গাড়ি পেট্রোল টিম, বসানো হয়েছে চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার, এবং গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

র‍্যাব ডিজি বলেন, “ইভটিজিং রোধে সতর্ক অবস্থানে রয়েছে আমাদের টিম। পাশাপাশি কোনো ধরনের অপপ্রচার ও গুজব ঠেকাতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।”

চারুকলায় একটি ফ্যাসিস্ট মুখোশ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যদি কারও গাফিলতি ধরা পড়ে, তাহলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নববর্ষকে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করতে চাই আমরা। এজন্য র‍্যাব সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে।” তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন যাতে নববর্ষের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।