গাজা গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

নিউজ ডেস্ক :

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উদ্যানে ছুটে আসতে শুরু করেন মানুষ।

শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন পথ ধরে মিছিল এসে যোগ দিতে থাকে মূল আয়োজনে। হাতে বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গণহত্যার প্রতিবাদী স্লোগান নিয়ে আগত জনতার ভিড় ক্রমেই বাড়তে থাকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সরব প্রতিবাদ জানান তারা।

এদিন বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলের আগে মসজিদের উত্তর গেটে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঢাকার বিভিন্ন মোড়ে যৌথবাহিনী টহলে ছিল, কালো পতাকা হাতে আসা ব্যক্তিদের কাছ থেকে সেগুলো রেখে দিতে দেখা যায় সেনা সদস্যদের।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্বব্যাপী জনমত গড়ে তুলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের পাশাপাশি বক্তব্য দেবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ।