নিউজ ডেস্ক :
নাসার উদ্যোগে গঠিত আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা কাঠামো ‘আর্টেমিস অ্যাকর্ড’-এ ৫৪তম দেশ হিসেবে যুক্ত হওয়ায় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকার জানায়, ঢাকায় আয়োজিত ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই কার্যক্রম পরিচালনায় দেশটির প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেন এবং অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র জানায়, মহাকাশ সহযোগিতার এ চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও নিরাপত্তাগত লক্ষ্য অর্জনে উভয় দেশের প্রচেষ্টা জোরদার হবে।
আর্টেমিস অ্যাকর্ড প্রথম চালু হয় ২০২০ সালে, যখন যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ এটি প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য হলো মহাকাশ গবেষণার ক্ষেত্রে ন্যায়নীতি ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। এই চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো শান্তিপূর্ণ ও স্বচ্ছ মহাকাশ কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের পাশাপাশি এ চুক্তিতে যুক্ত রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ৫৩টি দেশ, যারা সম্মিলিতভাবে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছে। চুক্তির বাস্তবায়ন ও সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাসা।