নিউজ ডেস্ক :
শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের নিরাপত্তা বাহিনীতে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় এবার পরিবর্তন আসছে বাংলাদেশ পুলিশের লোগোতে। বর্তমান লোগো থেকে বাদ দেওয়া হচ্ছে দীর্ঘদিনের প্রতীক পালতোলা নৌকা। পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরপরই। ইতোমধ্যে নতুন পোশাকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এবার লোগো পরিবর্তনের আনুষ্ঠানিকতা এগোচ্ছে চূড়ান্ত পর্যায়ে।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে জানানো হয়েছে, নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে এবং তা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন লোগোতে থাকবে—পানির ওপর ভেসে থাকা একটি শাপলা ফুল, তার দুই পাশে ধান ও গমের শীষ, এবং নিচে ‘পুলিশ’ লেখা থাকবে একটি পাটপাতা আকৃতির টবের ভেতরে।
চিঠিতে জেলা ও ইউনিট পর্যায়ে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম ও অন্যান্য সামগ্রী নতুন লোগো অনুযায়ী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে নতুন লোগো ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ লোগোতে প্রথম পরিবর্তন আনা হয়। পরবর্তীতে ২০০৯ সালে লোগোটি আবার হালনাগাদ করা হয়, যার বর্তমান সংস্করণে ছিল পাল বাঁধা নৌকা, তার দুই পাশে ধান ও গমের শীষ, ওপরে শাপলা এবং নিচে বাংলায় লেখা ‘পুলিশ’।
তবে এবার সেই লোগো থেকে সরে এসে নতুন এক চেহারা পেতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। ঐতিহ্যবাহী প্রতীক বাদ যাওয়ায় ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।