পাসপোর্ট ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে, লামায় ভারতীয় নাগরিক আটক

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয়দের সন্দেহে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তি জনার্ধন বর্মণ (৪০), ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বলরামপুর জেলার উত্রাইল উপজেলার রেহাব বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম বাসুদেব বর্মণ।

লামা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, লাইনঝিরি এলাকায় এক অচেনা যুবকের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতের নাগরিক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, তার কাছে বাংলাদেশে প্রবেশের জন্য কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তি হিন্দি ভাষায় কথা বলেন এবং ভারত থেকে এসেছেন বলে জানিয়েছেন। বিষয়টি আরও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।