নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
স্ট্যাটাসে বলা হয়, “আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আমরা আপনার বাণিজ্যনীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।”
এর আগে, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বাংলাদেশের ওপর প্রস্তাবিত ৩৭ শতাংশ পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রকে আমদানি বাড়ানো ও শুল্ক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
চিঠির এক পর্যায়ে প্রধান উপদেষ্টা লেখেন, “বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন।”
একই দিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “বিশ্ববাজারে চীনের আচরণ অনুপযুক্ত। এ কারণে চীনের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।” তবে ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায়, তাদের জন্য এই শুল্ক আপাতত স্থগিত এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।