নিউজ ডেস্ক :
বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান বিনিয়োগকারী কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর উদ্বোধনী আয়োজনে তার হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মাননা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিহাক সাং বলেন, “সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।”
একই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চারটি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’। এই স্বীকৃতি পেয়েছে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকস লাগবে।
উল্লেখ্য, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ গত ৭ এপ্রিল শুরু হয়েছে এবং এটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেই সম্মেলনের সব আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
