নিউজ ডেস্ক :
বাংলাদেশের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ৩৭ শতাংশ শুল্ক আরোপ করার পর, এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওয়াশিংটনে দুটি পৃথক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে অর্থ উপদেষ্টার দফতরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
চিঠিগুলোর একটি দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, অপরটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরের উদ্দেশে। প্রেস সচিব জানান, দুই চিঠিতেই বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হবে এবং ৩৭ শতাংশ শুল্ক পর্যালোচনার আহ্বান জানানো হবে।
তিনি বলেন, চিঠির খসড়া নিয়ে এখনও আলোচনা চলছে এবং বৈঠকে উপস্থিত অংশগ্রহণকারীরা এতে নিজ নিজ মতামত দিয়েছেন। চিঠিগুলোতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন কর্মপরিকল্পনার উল্লেখ থাকবে এবং তা যেন উভয় দেশের জন্যই ব্যবসাবান্ধব হয়—এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাজার, সেখানে বাংলাদেশের রফতানি আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, ১০ জন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। বৈঠক শেষে উপদেষ্টারা এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
