নিউজ ডেস্ক :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ডুমবিল এলাকায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সাবেক সদস্যকে সশস্ত্র হামলায় হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অমর জীবন চাকমা স্থানীয় বাসিন্দা সত্যপ্রিয় চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। যদিও ঘটনার পর এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার নানা তথ্য ছড়ালেও এখনো লাশ পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং উদ্ধার অভিযান চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
নিহত অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসীত) ত্যাগ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে যোগ দেন। পরে সেখান থেকেও বিচ্যুত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, নিহত ব্যক্তি তাদের দলের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত না থেকে সাধারণ জীবনে ছিলেন। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে জনসংহতি সমিতি (সন্তু) এর সদস্যরা জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, চলতি মার্চ মাসেই জেলার বিভিন্ন এলাকায় একাধিক সহিংস ঘটনার মধ্যে রক্তাক্ত হয়েছে পাহাড়। ৩ মার্চ পানছড়িতে জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের গোলাগুলিতে নিহত হন গৃহবধূ রূপসী চাকমা। একইভাবে ১৯ মার্চ মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফ সদস্য সবি ত্রিপুরা, আহত হন তার বোন তারাপতি ত্রিপুরা।
