নিউজ ডেস্ক :
সরকারি সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৬ এপ্রিল) সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম গন্তব্য রাশিয়া, যেখানে তিনি চারদিন অবস্থান করবেন। এরপর ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।
এই সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক খাতে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আলোচনা করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদনকারী কারখানা ঘুরে দেখবেন। সফরের শেষ দিন, ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।
সেনাবাহিনীর ভাষ্য মতে, এই সফর বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও প্রযুক্তি আদান-প্রদান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
