স্মৃতির মিলনমেলায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব

জাগ্রত পাহাড় ডেস্ক :

৭৫ বছর পূর্তিতে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। প্রাক্তন ও বর্তমান প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী পালিত হয় প্লাটিনাম জয়ন্তী উৎসব, যা বিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থনে পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর বেলুন উড়িয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের পর্দা ওঠে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার ও জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান।

বছরের পর বছর পর প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আবেগে ভাসেন অনেকেই। কেউ কেউ জানান, অনেক বন্ধু আজ জীবিত নেই, কেউ আবার পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। এ মিলনমেলা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উৎসবে বিদ্যালয়ের ১৯৫০ সালের প্রথম ব্যাচ থেকে শুরু করে সাম্প্রতিক ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নেন। আয়োজক কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন জানান, দীর্ঘ দুই মাসের পরিশ্রমের ফসল এই উৎসবটি শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি প্রাক্তনদের হৃদয়ের টান ও বিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

আজ দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজনদের সম্মাননা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও প্রাক্তনদের উপহার প্রদান, আরো থাকছে রাতে ব্যান্ড সংগীত। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বহু প্রাক্তন শিক্ষার্থী স্কুলের টানেই ফিরেছেন এই উৎসবে, যা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।