নিউজ ডেস্ক :
বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই দায়িত্ব পালন করবে দেশটি।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দেন। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র ও বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেন, যা সংগঠনটিকে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক একীকরণের পথ দেখাবে।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের জন্য বাংলাদেশের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে সংগঠনের অগ্রগতিতে অবিচল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এফটিএ-সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তির বাস্তবায়ন জরুরি উল্লেখ করে তিনি পরিবহন সংযোগ জোরদারে মাস্টার প্ল্যান কার্যকর করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির জন্য বিমসটেককে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মমুখী বিমসটেক গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে তিনি থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন।
