নিউজ ডেস্ক :
ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তিন দিনব্যাপী এই কর্মসূচির আওতায় যেকোনো একদিন স্বজনরা বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বাড়ি থেকে আনা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারে স্বজনদের ভিড় দেখা যায়। নির্দিষ্ট টোকেনের বিপরীতে বন্দিদের জন্য খাবার গ্রহণ করে কারারক্ষীরা তা তাদের কাছে পৌঁছে দেন। সাক্ষাতের ব্যবস্থা করা হয় দুটি ভবনের ১৬টি ইউনিটে একযোগে, যেখানে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের সঙ্গেও স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়।
এছাড়া, ঈদের তৃতীয় দিনে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগে স্বজনদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
অন্যদিকে, ঈদের দিন সকালে কারাগার প্রাঙ্গণে বন্দিদের জন্য জামাত অনুষ্ঠিত হয়। উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি স্বজনদের পাঠানো খাবারও তাদের খেতে দেওয়া হয়, যাতে উৎসবের দিনে কিছুটা হলেও আনন্দের ছোঁয়া পৌঁছে যায় চার দেয়ালের ভেতর।
