নিউজ ডেস্ক :
জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, কারণ জনগণই ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।
সোমবার (৩১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। তিনি তাদের খোঁজখবর নিয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর মানুষ এবার সত্যিকারের স্বস্তির ঈদ উদযাপন করছে।
ঈদের নামাজ শেষে জামায়াত আমির আরও বলেন, অনেক পরিবার আজও ঈদের আনন্দ থেকে বঞ্চিত, শহীদ মা-বাবাদের চোখের পানি শুকায়নি। এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।
