নিউজ ডেস্ক :
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার ক্যাম্প পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মদক্ষতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বান্দরবানের একটি জোন সদরও পরিদর্শন করেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সফর শেষে সেনাপ্রধান সেনাসদস্যদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার প্রশংসা করেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।