নিউজ ডেস্ক :
বাংলাদেশে ২.১ বিলিয়ন ডলারের ঋণ, বিনিয়োগ ও অনুদান দিচ্ছে চীন সরকার ও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। শুক্রবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশ-চীন এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মংলা বন্দরের আধুনিকায়নের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার দেয়া হবে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ হিসেবে আসবে।
চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটির বেসরকারি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করার আহ্বান জানান। জবাবে শি জিনপিং বলেন, চীনা কোম্পানিগুলো উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চায় এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর নতুন বিনিয়োগের দ্বার উন্মোচন করবে এবং চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের বাজারে আরও আগ্রহী করে তুলবে।
এর আগে, অধ্যাপক ইউনূস ও আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের শীর্ষ ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখেন। সেখানে বস্ত্রশিল্প, ওষুধ, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তারা তিনটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
