নিউজ ডেস্ক :
বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার নতুন মাত্রা যোগ করতে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে দুই দেশ একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে দুই পক্ষ চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সংক্রান্ত সহযোগিতা।
এছাড়াও, দুই দেশ পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরুর উদ্যোগ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর প্রতিশ্রুতি, মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান।
এর আগে, শুক্রবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।
