নিউজ ডেস্ক :
পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। এটি রমজান মাসের বিদায়ের প্রতীক, যা মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্ব ও আবেগের স্থান দখল করে আছে।
ইসলামে এমনিতেই শুক্রবারের গুরুত্ব অপরিসীম। আর রমজানের জুমাগুলো তো আরও বেশি তাৎপর্যপূর্ণ। এক বছর পর আবার এই দিন ফিরে আসবে কি না, তার নিশ্চয়তা নেই। তাই রমজানের শেষ জুমাকে মুসলমানরা অন্য যে কোনো জুমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে পালন করেন।
এই দিন মসজিদে মসজিদে বিশেষ খুতবা দেওয়া হয়, যেখানে রমজানের ফজিলত, ইবাদতের গুরুত্ব ও আত্মশুদ্ধির আহ্বান তুলে ধরা হয়। নামাজ শেষে মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনায় হাত তোলে লাখো মুসল্লি।
এছাড়া মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসের মুক্তির প্রত্যাশায় দিনটি ‘আল কুদস দিবস’ হিসেবেও পালিত হয় বিশ্বের বিভিন্ন স্থানে।
প্রতিবারের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। হৃদয়ে থাকবে আত্মশুদ্ধির আকুলতা, প্রার্থনায় থাকবে শান্তি ও কল্যাণের প্রত্যাশা।
