নিউজ ডেস্ক :
চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক) বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থাপনে সহায়তা করতে চায়, যাতে দেশটিকে ব্যবহার করে অন্যান্য দেশে পণ্য রপ্তানি করা যায়। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান চেন হুয়াইউ।
হাইনানে বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে চেন বলেন, চীনের বহু কোম্পানি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে, আর বাংলাদেশ তাদের বিনিয়োগ ও উৎপাদনের জন্য আদর্শ জায়গা হতে পারে। বিশেষত দেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়ক হবে।
এ সময় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং মানবসম্পদের দিক থেকেও সম্ভাবনাময়। তিনি শীর্ষ চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে চীনের অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে দীর্ঘদিন ধরে অর্থায়ন করছে তার প্রতিষ্ঠান। তবে এবার তারা বেসরকারি শিল্পেও বিনিয়োগের দিকে নজর দিচ্ছে। তিনি আরও বলেন, ভিয়েতনামের মতো অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাংলাদেশকে তার ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে হবে।
বৈঠকে বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংকের অর্থায়নের দ্রুত ছাড়করণ, নতুন অবকাঠামো প্রকল্পে সহায়তা এবং ঋণের শর্ত সহজ করার অনুরোধ জানান। চেন হুয়াইউ এসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই বৈঠকে বসবেন, যাতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন দ্রুত সম্ভব হয়।
