নিউজ ডেস্ক :
মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সনদ নিয়েছিলেন, এমন অন্তত ১২ জন ব্যক্তি নিজেদের ভুল স্বীকার করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সনদ ফেরত দেওয়ার আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে একজন সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তি রয়েছেন, যিনি চাকরির সুবিধার জন্য সনদ নিয়েছিলেন। কেউ কেউ আবেদনপত্রে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তবে মন্ত্রণালয় তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি, কারণ এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন।
এর আগে, গত ১১ ডিসেম্বর এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়া ব্যক্তিদের স্বেচ্ছায় তা ফেরত দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। বিষয়টিকে ছোটখাটো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি আরও জানান, সনদ ফেরত দেওয়ার সুযোগ থাকলেও যারা তা গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
