নিউজ ডেস্ক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিকল্পিত ষড়যন্ত্র ও গুজব ছড়ানো হচ্ছে। সোমবার (২৪ মার্চ) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, আর পলাতক ফ্যাসিবাদের দোসররা এতে জড়িত।
তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্য গোপন বৈঠকে জড়িত, যা দেশের বর্তমান বাস্তবতায় উদ্বেগজনক। সরকারের দৃষ্টি এদিকে না থাকায় প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মার্চ অনুষ্ঠিত হবে আলোচনা সভা, পরদিন সকাল ৮টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
