নিউজ ডেস্ক :
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হামিদুল ইসলাম (২৮)। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হামিদুল ইসলামের বিরুদ্ধে কলেজ ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন সাধারণ শিক্ষার্থীদের মারধর, জোরপূর্বক সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করানো, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি মহালছড়ি টিএনটি পাড়ার মো. শামসুল হকের ছেলে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, “অপারেশন ডেভিল হান্ট” নামক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মহালছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
