নিউজ ডেস্ক :
রাজনৈতিক সংস্কারের প্রস্তাবিত সুপারিশগুলো চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন আজ (২৩ মার্চ) বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসছে। এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কমিশনের আজকের সংলাপ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।
বেলা ১টায় বিএনপি তাদের সংস্কারসংক্রান্ত মতামত উপস্থাপন করবে, এরপর ২টায় এনসিপি এবং আড়াইটায় সিপিবি কমিশনের কাছে তাদের মতামত দেবে। গত ২০ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মাধ্যমে কমিশনের মূল কার্যক্রম শুরু হয়। এরপর ২২ মার্চ খেলাফত মজলিশের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে কমিশন রাজনৈতিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
