আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ আজ

নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে আজ শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানাবে এনসিপি। একই সঙ্গে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিও তুলবে।

এর আগে, শুক্রবার রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিচারের অগ্রগতি নেই। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত ও দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।