নিউজ ডেস্ক :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস, ট্রেন ও নৌপথে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস রিলিজে আইনশৃঙ্খলা বাহিনী যাত্রী, পরিবহন মালিক ও চালকদের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে।
যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে ঈদযাত্রার পরিকল্পনা করতে বলা হয়েছে, একই সঙ্গে বাসের ছাদ, ট্রাক বা পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য চালকদের চাপ না দিতে এবং রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অদক্ষ বা অসুস্থ চালক দিয়ে গাড়ি না চালানোর পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামাতে। চালকদের জন্য ওভারস্পিড, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌপথে যাত্রীদের অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্পিডবোট বা স্টিমারের ছাদে না উঠতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান এড়িয়ে চলতে এবং স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরার পরামর্শ দেওয়া হয়েছে। লঞ্চ মালিকদের নির্ধারিত সংখ্যক মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, ট্রেনের ছাদে, ইঞ্জিনে বা ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণ না করতে যাত্রীদের সতর্ক করা হয়েছে। বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য পুলিশের কয়েকটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে, রেলওয়ে ও নৌ পুলিশের নম্বরসহ র্যাবের হেল্পলাইন। জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির সাথেও যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।