নিউজ ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়নে সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
সেনাপ্রধান সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এবং এই সফর দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, সেনাবাহিনীর উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ, চাকরিচ্যুত সেনা সদস্যদের বিষয়ে চলমান কার্যক্রম এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা অব্যাহত রাখবে।