জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী (তুফান আলী পাড়া) এবং লম্বাবিল (লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৭ মার্চ ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন হাসান আলী কায়েচ (৬০), আবু তাহের (৪৫), নুর মোহাম্মদ পুতু (৩৮), শাহাব উদ্দিন (৩০) এবং আব্দুল জব্বার (৬০)। তারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬ (খ) লঙ্ঘন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় তারা এ ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে এবং পাহাড় কাটার মতো ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।