দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটতে বাধ্য

নিউজ ডেস্ক :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ মার্চ) জিরোলাইন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফের পশ্চিমবঙ্গের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা সরদারপাড়া এলাকায় সীমান্তের ৪২ নম্বর পিলারের সাব পিলার ৪৮-এর কাছে বেড়া নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। এরপর বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ রেখে ফিরে যান।

বিজিবি জানায়, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সীমান্তে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানানো হয়। পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী জানান, সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, ১০ জানুয়ারি একই সীমান্তের ৮/৪১ নম্বর প্রধান পিলারের কাছে কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। পরে ২৮ জানুয়ারি তারা ওই বেড়ায় বাঁশের বাতা লাগায়। বিজিবি এসব বিষয়ে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।