নিউজ ডেস্ক :
দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান এ কার্যক্রমের আওতায় আরও মামলা পর্যালোচনা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কেন্দ্রীয় কমিটি মাঠপর্যায়ের কমিটি থেকে প্রস্তাবিত ৬ হাজার ২৯৫টি মামলা পর্যালোচনা করে। এর মধ্যে ৬ হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়। কমিটি এ পর্যন্ত আটটি সভায় বসে এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বিগত ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে সাত সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটি গঠিত হয়।
জেলা কমিটিগুলো যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটির কাছে মামলা প্রত্যাহারের সুপারিশ পাঠাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি থেকে মুক্তি দিতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
