হত্যা-ধর্ষণের বিচারের দাবিতে উত্তপ্ত সিপিবি ভবন, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে। শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ভোর থেকেই সেখানে জড়ো হন নেতাকর্মীরা, নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পরিবেশ। বিকেল চারটায় শোক মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ একই দাবিতে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী আটটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সিপিবির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ ঘোষণা করার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে সকাল থেকেই ভবনটির সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আশপাশের দোকানপাট বন্ধ দেখা যায়। বিপুল মানুষের উপস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে।

অন্যদিকে, বাম সংগঠনগুলোর গণমিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হওয়ার কথা থাকলেও, ঘোষিত আট সংগঠনের অনেকেই এতে অংশ নেবে না বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।