জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা সংকটে সহযোগিতার আলোচনা

নিউজ ডেস্ক :

চার দিনের সফরে ঢাকায় এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন এবং পরে দুজনই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী ও নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন তারা।

পরিদর্শনকালে গুতেরেস রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন, রোহিঙ্গা লার্নিং সেন্টারে গিয়ে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পাটজাত পণ্য উৎপাদন কারখানা পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অর্ধেকের বেশি কমে যাওয়ায় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে গুতেরেসের এই সফর সংকট নিরসনে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।